পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি, বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি সিএমএম বরাবর পাঠানোর আদেশ দেন। এরপর সিএমএম মামলাটি বদলির আদেশ দেবেন।
২০১৮ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে আটক করে সিআইডি।
পরদিন এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত করে ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এরমধ্যে মধ্যে ৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ মামলায় ৪৬ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে নয় আসামি পলাতক রয়েছেন।
মামলা তদন্তকালে আসামিদের নামে ২০ কোটি টাকার সন্ধান পাওয়া যায়। এসব স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে এরই মধ্যে উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং আইনে মামলা করে সিআইডি। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051