সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সব প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসার সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়নে গৃহীত পদক্ষেপ, মাদ্রাসার পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন ও নকল প্রতিরোধে গৃহীত ব্যবস্থাসমূহ নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষক-ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা নিরসন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক-কর্মচারী নিয়োগ পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ এবং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা মাদ্রাসা শিক্ষক ব্যতীত অন্য ধারার শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করার জন্য সুপারিশ করা হয়।
সভায় মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন গ্রহণ এবং মাদ্রাসার প্রাত্যহিক কাজ শুরুর পূর্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
সভায় গভর্নিং বডির সভাপতি মনোনয়নে স্থানীয় সংসদ-সদস্যের সুপারিশ গ্রহণের নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং অ্যাডহক কমিটি গঠনের প্রবণতা বন্ধ করার জন্য কমিটি সুপারিশ করে।
এ ছাড়া একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠক থেকে দশম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির সমন্বয়ে প্রথম রিপোর্ট আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা-প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051