শিশুসন্তানসহ সৌদি আরবে স্বামীর কাছে চলে যাওয়ার সব আয়োজন ছিল চূড়ান্ত। অতি জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট হাতে আসে মা-মেয়ের পাসপোর্ট। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মিলেছে ভিসা। চলে যাওয়ার তারিখ পড়ার আগে প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে পরকীয়া প্রেমিককে নিয়ে রাতের আঁধারে পালিয়েছেন স্ত্রী।
কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহালে এমনই ঘটনা ঘটেছে। সোমবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে সবার অগোচরে পালানোর সময় স্বামীর পাঠানো নগদ ছয় লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আরও অনেক কিছু নিয়ে পালিয়েছেন ওই নারী। তিনি দুই বছরের শিশুসন্তানকেও নিয়ে গেছেন। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযুক্ত গৃহবধূর নাম রোকসানা আকতার (২৩)। তিনি সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালু ফকিরপাড়ার সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের নুজাইফা ইসলাম রাইসা নামে দুবছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
কালু ফকিরপাড়ার মৃত অছিউর রহমানের ছেলে শাহ আমিন (প্রবাসী শাহ আলমের ছোট ভাই) জিডিতে উল্লেখ করেন, ২০১৮ সালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে রোকসানার সঙ্গে শাহ আলমের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। গত সোমবার ভোর ৪টার দিকে বাড়ির সবার অজ্ঞাতসারে শিশুসন্তানসহ রোকসানা নিরুদ্দেশ হন। ফজরের আজানের পর সবাই উঠলেও তার সাড়াশব্দ না পেয়ে দেখতে গিয়ে রুমের দরজা খোলা পাওয়া যায়।
রুমে ঢুকে আলমিরা খোলা দেখে তল্লাশি করে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড় এবং অন্যান্য পণ্যসামগ্রী পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবেশী মোক্তার আহমদের ছেলে মো. রিদুয়ানের (২০) সঙ্গে রোকসানা পালিয়ে গেছেন। ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রবাসী স্বামী, জিডিকারী ও পরিবারের অন্য সদস্যদের নামে মোবাইলে মিথ্যা নারী নির্যাতন মামলার হুমকি দেন রোকসানা।
প্রবাসী শাহ আলম মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘মেয়েটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই রোকসানার পরকীয়ার বিষয়টি শুনছিলাম। তাকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো আর আমি ছুটিতে দেশে আসতে চাইলেই বেঁকে বসতো। বলতো ঘর বিল্ডিং করলেই আমি দেশে আসতে পারবো। প্রয়োজনে তাকে সৌদি আরব নিয়ে যেতে বলতো। তার কথামতো প্রকৌশলীর সঙ্গে কথা বলে ঘর তোলার জন্য মাসখানেক আগে ছয় লাখ টাকা পাঠাই। বিয়েতে দেওয়া আট ভরি স্বর্ণ এবং গত মাসে ছুটিতে দেশে যাওয়া তার (স্ত্রীর) মামাকে দিয়ে মেয়ের জন্য তিন ভরি স্বর্ণ পাঠানো হয়। স্ত্রীর কথায় জরুরি পাসপোর্ট করে ভিসাও করা হয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। সামনের যে কোনো দিন তাদের চলে আসা যাবে বলে জানিয়েছিলাম। সেটা বলার পরই আমার পাঠানো নগদ ছয় লাখ টাকা, ১১ ভরি স্বর্ণ, মোবাইল, দামি পণ্যসামগ্রী নিয়ে সে পালিয়ে গেছে।’
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, এ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পাওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেনকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051