এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানি জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
রোববার (১১ জুলাই) সকাল ১০টায় একটি পিকআপ ভ্যানে করে আনারসের চালান বাংলাদেশ সীমান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। এ সময় ভারত প্রান্তে আনারসের চালানকে বিদায় জানান ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স টুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা।
বাংলাদেশের আখাউড়া প্রান্তে দুই দেশের শূন্যরেখায় আনারসের চালান গ্রহণ করেন চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদ্যত ঝাঁ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ট্রিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষন জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপার মোহাম্মদ আলী। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। এর বিপরীতে রোববার সকালে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। তারা বলেন, এই ফল আদান-প্রদানই মুখ্য বিষয় নয়। দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে, এই ফল আদান-প্রদানের মাধ্যমে এর প্রতিফল ঘটেছে। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয়েছে।
পরে মোট ৮০টি কার্টনে করে ৮০০ কেজি আনারসের চালান একটি পিকআপ ভ্যানে করে আখাউড়া স্থলবন্দর থেকে বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার উদ্দেশে আখাউড়া স্থলবন্দর ত্যাগ করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051