করোনাভাইরাস সঙ্কটে দরিদ্রদের আড়াই হাজার টাকা করে সহায়তার তালিকায় এক চেয়ারম্যানের শ্বশুরসহ ৫৩ জন আত্মীয়ের নাম থাকার অভিযোগ পাওয়া গেছে। ঈদের উপহার হিসেবে ৫০ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সারা দেশ থেকে অসহায় মানুষের তালিকা সংগ্রহ করা হয়।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের এ তালিকায় চেয়ারম্যান মো. আক্তার হোসেনের শ্বশুরসহ ৫৩ জন আত্মীয়ের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছেন ‘এলাকাবাসী’।
এ ইউনিয়নের ৩৬০ জনের চূড়ান্ত তালিকায় চেয়ারম্যানের শ্বশুর, ভায়রা, সহোদর তিন ভাই, তিন শ্যালক, শ্যালকের তিন ছেলেসহ ৫১ জন আত্মীয় ছাড়াও প্রবাসী, ব্যবসায়ীসহ ৩৫ জন সচ্ছল ব্যক্তির নাম থাকার অভিযোগও আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রণোদনার নগদ অর্থ সহায়তার তালিকায় অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, এলাকবাসীর লিখিত অভিযোগ উদ্ধৃত করে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেন, “তালিকায় ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেনের শ্বশুর, ভায়রা, সহোদর তিন ভাই, তিন শ্যালক, শ্যালকের তিন ছেলেসহ ৫১ জন নিকট আত্মীয়ের নাম দিয়ে ২৫০০ টাকা করে উত্তোলন করেছে বলে এলাকাবাসীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।”
এছাড়া তালিকায় প্রবাসী, প্রভাবশালী ব্যবসায়ী, স্চ্ছল ও সম্পদশালীদের নাম রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে ওই ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও ইউপি সদস্য ফরহাদ আলীর বিরুদ্ধে ডিসিসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ‘এলাকাবাসী’ এই লিখিত অভিযোগ পাঠায় বলেও জানান এ ইউএনও।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051