প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)) দেশটির রাজধানী মালেতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অভ্যর্থনা জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মালদ্বীপ টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়, মালদ্বীপের শিল্পীরা গান গেয়ে এবং মনোমুগ্ধকর নাচের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে মালদ্বীপের প্রেসিডেন্টকে দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো ছয়দিনের সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।
এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।
সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। একই দিন প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করবেন। পরে দুনেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।
সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ ও সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।
শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। তিনি ২৭ ডিসেম্বর বিকেলে ঢাকা পৌঁছবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051