গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বাবুল হোসেন খাঁন (৪৫) গাজীপুরের জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুরের জানাকুর এলাকার বাসিন্দা।
গত শুক্রবার (১২ মার্চ) জয়দেবপুর থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুলকে গ্রেপ্তার করে।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ গণমাধ্যমকে জানান, মনির হোসেন সুমন নামের এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান ও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনেকদিন ধরে বিদ্বেষ ও কটূক্তিমূলক পোস্ট করে আসছিলেন বাবুল।
সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে দেশের সুনাম নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন মনির হোসেন সুমন।
মামলার বাদী মনির বলেন, বাবুল হোসেন বাংলাদেশের একজন নাগরিক হয়ে দেশের সরকার, সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছেন। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি দেশের স্বার্থে মামলাটি করেছি। মামলা করায় এরই মধ্যে আমাকে আসামিরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিতে শুরু করেছে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051