স্ত্রী বলছেন, তিনি অপহরণ হননি, নিজের ইচ্ছায় দ্বিতীয় বিয়ে করেছেন। অথচ বর্তমান স্বামীর বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তার প্রথম স্বামী। আর সেই মামলায় বর্তমান স্বামীকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। যে কারণে ভুক্তভোগী স্বামীর মুক্তির জন্য এখন হাইকোর্টের দ্বারে দ্বারে ঘুরছেন বরগুনার ফাতেমা বেগম। ট্রাইব্যুনালের বিচারকের এমন রায়ের পক্ষে যুক্তি খুঁজে পাচ্ছেন না হাইকোর্টের আইনজীবীরাই।
বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ফাতেমা বেগম। ২০০৭ সালে বিয়ে করেন একই উপজেলার মো. জাকির হোসেনকে। তাদের সংসারে একটি ছেলে সন্তানও আছে। কিন্তু স্বামীর নির্যাতন সইতে না পেরে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে স্বামীকে তালাক দিয়ে শাহ আলম নামের আরেকজনকে বিয়ে করেন ফাতেমা বেগম।
বিপত্তি এখানেই শুরু। প্রথম স্বামী জাকির হোসেন স্ত্রীকে অপহরণের একটি মামলা করেন। সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে বের হন তিনি। এরপর তিনি পাঁচবার কারাগারে যান। এরই মধ্যে ফাতেমা-শাহ আলম দম্পতির ঘরে দুটি ছেলে সন্তানও হয়। সর্বশেষ গত বছরের ১৪ ডিসেম্বর শাহ আলমকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। রায়ে উল্লেখ করা হয়েছে যে, ফাতেমা বেগম ২২ ধারায় জবাবন্দিতে অপহরণ হননি এবং প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়া মর্মে যে জবানবন্দি দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হচ্ছে, ডিভোর্স না দিয়েই তিনি শাহ আলমের কাছে চলে গেছেন। আইনের চোখে এটা অপরাধ মনে হওয়ায় আসামিকে শাস্তি দেওয়া হয়েছে।
নদী এবং সাগরে মাছ ধরে সংসার চালানো স্বামী এখন কারাগারে। দুই সন্তানকে নিয়ে কী করবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না ফাতেমা বেগমের।
অপহরণের ঘটনা না ঘটার পরও এই মামলায় কিভাবে সাজা দেওয়া হলো এমন প্রশ্নের কোনো কিনারা পাচ্ছেন না আইনজীবীরা।
হাইকোর্ট থেকে ন্যায়বিচার পেয়ে স্বামী দ্রুত তাদের কাছে ফিরে আসবে এমনটাই প্রত্যাশাই এখন ফাতেমার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051