সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিকেল কলেজ ক্রয়’ শীর্ষক সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ পত্রিকার চারজন সংবাদিকের বিরুদ্ধে চাঁদপুর সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
রোববার দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন।
তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর ১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিকেল কলেজ ক্রয়’ শীর্ষক দুটি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত দুটি সংবাদে ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। এতে তার মানসম্মান ও সুনাম-সুখ্যাতির অসামান্য ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে ওই হাসপাতালে মালিকানার শেয়ারে তার কোনো অংশ নেই। তিনি অবৈতনিক ও অনারারি হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন।’
কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘ওই মিথ্যা সংবাদের কারণে ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে মামলাটি করা হয়।’
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ মোঃ কামাল হোসেন মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051