
টিভির পাশাপাশি এখন জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। নাটক থেকে শুরু করে অনেক কিছুই এখন ইউটিউবে পাওয়া যায়। এখানে বিড়ম্বনাও অনেক কম। তাছাড়া দর্শকের সুবিধামতো কনটেন্ট দেখার সুযোগ আছে। এ বিষয়টিকে বিবেচনায় রেখে অধিকাংশ নির্মাতাই এখন ইউটিউবের জন্য নাটক তৈরি করছেন।
ইউটিউবে প্রকাশিত নাটকে অভিনয়ও করছেন প্রথমসারির অভিনয়শিল্পীরা। তেমনই একটি নাটক হলো ‘এক মুঠো প্রেম’। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের অল্প সময় পরেই ২ আগস্ট পর্যন্ত এটি দেখেছেন ২৩ লাখ দর্শক। নাটকে আফরান নিশো ও তানজিন তিশার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘দর্শক দারুণভাবে নাটকটি উপভোগ করছেন, এটা অবশ্যই ভালোলাগার একটি বিষয়। আশা করছি সময় যতই গড়াবে নাটকটির দর্শক সংখ্যা ততই বৃদ্ধি পাবে।’
এ নাটক ছাড়াও আফরান নিশো ও তানজিন তিশা ঈদের একগুচ্ছ নাটকে অভিনয় করেছেন। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ