
মৃত প্রবাসীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে এবং ঋণ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী ও প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন ও অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মী মো. কাইয়ুমের (ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাতলাশী গ্রামের মৃত মো. হাফিজ উদ্দিনের ছেলে) পরিবারের অনুকূলে মৃত্যুর আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিরাপত্তা প্রহরী শফি উদ্দিন ও অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম আরেক ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন।
বিষয়টি জানতে পেরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। সেখানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী আজ ২৩ মে থেকে তাদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা পাবেন।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা প্রদানে দেশে এবং দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
প্রবাসীদের সহযোগিতায় কোনো ধরনের গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে অন্যান্য কর্মকর্তাদেরও তিনি কঠোরভাবে সতর্ক করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051