রাজশাহীতে একটি শক্তিশালী প্রতারক চক্রের মূলহোতা মনিরুজ্জামান বাবুলকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাবুলকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।
আব্দুর রহিম শাহ চৌধুরী নামে একজন পুলিশ সুপারের (এসপি) দায়ের করা মামলায় বাবুলকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি রফিকুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে এসপি (ট্রেনিং) পদে কর্মরত আব্দুর রহিম শাহ চৌধুরী গত বছরের ২৮ আগস্ট প্রতারক মনিরুজ্জামান বাবুল এবং তার প্রধান সহযোগী শবনম মোস্তারির নামে মহানগরীর বোয়ালিয়া মামলা থানায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাবুল এবং মমি। এ ঘটনায় বোয়ালিয়া আমলি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে প্রতারক বাবুল এবং মমিন বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগেও এসপি আব্দুর রহিম শাহ চৌধুরী বোয়ালিয়া মডেল থানায় গত বছর আরেকটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে এসপি রহিম উল্লেখ করেন, ২০১৬ সালে ‘মমতা ট্রেনিং ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন মনিরুজ্জামান বাবুল এবং শবনম মোস্তারি মমি। মহানগরীর বালিয়াপুকুর এলাকায় ইনস্টিটিউটের জন্য তার বাড়িটি ভাড়া নেন তারা। বাড়িটি ভাড়া নিয়ে এখনো দখলে রেখেছেন বাবুল এবং মমি। দীর্ঘ সাড়ে সাত বছরে ২৪ লাখ টাকা বাড়ি ভাড়াও পরিশোধ করেনি তারা।
এছাড়া প্রতারণার অভিযোগে বাবুল এবং মমির বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। বাবুলের দ্বিতীয় স্ত্রী উম্মে সানজিদাও ২০১৮ সালে তার বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে।
এসপি আব্দুর রহিম বলেন, বাবুল এবং মমির নেতৃত্বে রাজশাহী অঞ্চলে একটি শক্তিশালী প্রতারক সিন্ডিকেট গড়ে উঠেছে। এ প্রতারক চক্রে নারী-পুরুষ মিলে ১৫-২০ জন সদস্য রয়েছে। প্রতারক চক্রটির কবলে পড়ে ইতোমধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব হয়ে পড়েছেন।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, বাবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। একটি প্রতারণা মামলায় বাবুল এবং মমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মমিকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051