একুশে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দীপক বালা। এসময় আসামি ইমনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তার জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একইসঙ্গে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি বাদীসহ তার বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এসময় তাদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ পরিচয় দেওয়া দুজন। এরপর তারা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই আসামিকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051