লক্ষ্মীপুরে সড়কের পাশের সবজি গাছে পানি দেওয়ার সময় পিকআপ ভ্যান উল্টে গায়ে পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তাঁর মেয়ে জান্নাত (১১) এবং পাশের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম (১০)। কিছুদিন আগে চরচামিতা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল মাছুম।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খালপাড়ে রোপণ করা সবজি গাছে পানি দিচ্ছিলেন রাহেলা। এ সময় মেয়ে জান্নাত তাঁর সঙ্গে আসে। তাদের দেখে মাছুমও আসে। ঘটনার সময় লক্ষ্মীপুরগামী পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাহেলাসহ শিশুদের গায়ের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা মারা যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছে। ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হবে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051