ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে যেকোনো প্রকার সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরদিন রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে ও বিপক্ষে দু’টি গ্রুপ শনিবার সকালে ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশের ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলার এক কিলোমিটার স্থান জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে ওই সীমানার মধ্যে সভা-সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।
সমাবেশের ব্যাপারে ওই উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে শনিবার সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছি।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, নিক্সন চৌধুরীর গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সাথে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি দেখানো ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বৃহস্পতিবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পক্ষে বিপক্ষে ফুঁসে উঠেছে ওই নির্বাচনী জনপদ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051