বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে মুসলিম বিশ্বে কারবালার শোকাবাহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয় পবিত্র আশুরা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে আশুরা অনুষ্ঠান।পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সবধরনের তাজিয়া মিছিল, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হলেও ইমাম বাড়াগুলোতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের অনুমতি দেয় ডিএমপি।
হোসেনি দালান ইমাম বাড়া কমিটির আয়োজনে সকালে শোক মিছিল বের করা হলেও তা হোসেনি দালান ইমাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ভক্তরা হোসেনি দালান ইমাম বাড়াতে আসতে থাকেন। ইমাম বাড়ার উত্তর দিকের প্রধান ফটকে দু’টি ও দক্ষিণ ফটকে দু’টি করোনা প্রতিরোধক জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।
হোসেনি দালান ইমাম বাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০০ বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল এ বছর করোনার কারণে সংক্ষিপ্ত করা হয়েছে।করোনা ভাইরাস মহামারির কারণে সারাদেশে সীমিত পরিসরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আশুরা উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলো রোববার বিশেষ প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এদিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এ আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এ শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051