দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংক লরি বিস্ফোরণে ছয়জন মারাত্মকভাবে আহত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে পার্বতীপুর শহরের অদূরে হলদিবাড়ী রেলগেট সংলগ্ন পাথারীপাড়া মসজিদের পাশে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। গুরুতর আহতদের প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর-ফুলবাড়ী হাইওয়ে সড়কের হলদিবাড়ী রেলগেট সংলগ্ন পাথারীপাড়া জামে মসজিদের পাশের সামসুলের ওয়েল্ডিং মেশিনের দোকানের সামনের রাস্তায় দাঁড় করিয়ে একটি খালি জ্বালানি তেল বহনকারী ট্যাংক লরির (বগুড়া-ট-১১-০৩৯৮) নিচের পাইপের ওয়েল্ডিং করার সময় হঠাৎ করে ট্যাংক লরিটি বিস্ফোরিত হয়। এ সময় ট্যাংক লরির পেছনের অংশ ছিটকে গিয়ে পেছন থেকে আসা একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৯-৫২৬২) ওপরে গিয়ে পড়লে পিকআপটি বিধ্বস্ত হয় এবং পিকআপের চালক ও হেলপার মারাত্মকভাবে আহত হয়।
বিস্ফোরণে ট্যাংক লরির কর্মচারী ও ওয়েল্ডিং দোকানের মালিকসহ মোট ছয়জন আহত হন। আহতরা হলেন মোজাম্মেল হক বাবু (৪০), নিরঞ্জন (২০), সজল চন্দ্র (১৩), সামসুল হক (৪০), রেজাউল করিম (৪০) ও হাবিবুর রহমান (২০)।
এ ছাড়াও আশেপাশে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মারাত্মকভাবে আহত ছয়জনকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় আহতদের রক্তাক্ত অবস্থায় দেখে এলাকার মানুষ ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। বিস্ফোরণে ওয়েল্ডিংয়ের দোকানসহ আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বাসুদেব জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051