মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ‘ছুরিকাঘাতে’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম রাব্বানীর আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। সর্বশেষ ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নুর ও জিএস ছিলেন গোলাম রাব্বানী।
নুরুল হক নুর তার ফেসবুকে লিখেছেন, ‘ভাগ্যের কি নির্মম পরিহাস! যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি লিখেছেন, ‘স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতা-কর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!’
তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে লিখেন, ‘যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না।সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।’

ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051