অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান আদেশের তথ্যটি জানিয়েছেন।
আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
এর আগে গতকাল রোববার এমপি পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদনের পর হাইকোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুসারে আত্মসমর্পণের পর তাঁদের ২৭ ডিসেম্বর জামিন দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। ওই জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
পরে একই বছরের ১১ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, এমপি পাপুল, তাঁর স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধান৷ অর্থ ও মানবপাচারের অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে কুয়েতে কারাগারে আছেন স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051