তিন ঘণ্টার উদ্ধার অভিযানে ডুবে যাওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এখনও ফেরির নিচে বা এর আশপাশে ডুবে আছে আরও চারটি ট্রাক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করেন হামজা’র উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরি ও কর্মীরা। তবে, এখনও দুর্ঘটনাস্থলে এসে পৌছায়নি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। পদ্মায় স্রোতের কারণে মুন্সীগঞ্জের পদ্মা মেঘনার মোহনায় নোঙর করে আছে প্রত্যয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ধাপে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এখনও ফেরির নিচে বা এর আশপাশে আরও চারটি ট্রাক ডুবে আছে। পর্যায়ক্রমে সবগুলো উদ্ধার করা হবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, ‘১৪টি ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর পন্টুনে ডুবে যায় বড় ফেরি আমানত শাহ। এর মধ্যে পাঁচটি ট্রাক ফেরি থেকে ছিটকে নদীতে পড়ে ভেসে যায়। বাকিগুলো নিয়ে ডুবে যায় ফেরি। ডুবে যাওয়া ট্রাকগুলোর মধ্যে একটি ট্রাক উদ্ধার সম্পন্ন হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051