যশোরের শার্শা উপজেলায় ৫৭টি সোনার বার জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) গতকাল শুক্রবার রাতে বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এক নারী পাচারকারীর কোমরে প্যাঁচানো কাপড়ের বেল্ট থেকে ওই সোনার বারগুলো জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, ওই নারী পাচারকারীর কাছ থেকে জব্দ করা সোনার বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম, এর বাজারমূল্য প্রায় পৌনে ছয় কোটি টাকা। ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। তাঁর নাম বানেছা খাতুন (৪৫)। তিনি বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
বিজিবি সূত্র আরও জানায়, ভারতে সোনা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল বেনাপোল বন্দর থানার সাদিপুর গ্রামের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের ওপর অভিযান চালিয়ে বানেছা খাতুনকে গ্রেপ্তার করে। এরপর তাঁর শরীর তল্লাশি করে কোমরে বাঁধা কাপড়ের বেল্টের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭টি সোনার বার জব্দ করে।
এ বিষয়ে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সোনা পাচারের অভিযোগে বানেছা খাতুনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনা থানায় জমা দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051