বাগেরহাট: কদবেল বিক্রির টাকা চাওয়ায় বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় রুস্তম ব্যাপারী নামে এক কদবেল বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজ ও হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়।
রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করতেন। তার স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যতদূর জেনেছি বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কদবেল কিনেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চান রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করেন। গুরুত্বর অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুস্তমের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী খুবই নিরীহ মানুষ। কারও সঙ্গে তার কোনো ঝামেলা নেই। কিন্তু কেন যে ওরা আমার স্বামীকে মারল তা জানি না। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসহাক মিয়া বাংলানিউজজেক বলেন, দুইজন লোক মৃত অবস্থায় রুস্তম ব্যাপারী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যারা রুস্তমের ওপর হামলা করেছে তারা পলাতক রয়েছেন। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051