গাইবান্ধার সুন্দরগঞ্জে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ তিন রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারের পাশে এ ঘটনা ঘটে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, থানার ওসি মো. মাহবুব আলম প্রমুখ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, কোরবানি উপলক্ষে বুধবার এই পশুর হাট বাসানো হয়। পশুর হাট অবৈধভাবে বসানো হয়েছে মর্মে বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পশুর হাট পন্ড করে দেওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে জনতা ক্ষিপ্ত হয়ে উঠে। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় চার পুলিশসহ ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে।
কোরবানির পশু কিনতে আসা মান্নান মিয়া জানান, পুলিশ অন্যায় ভাবে হাটে প্রবেশ করে পশুর হাট পণ্ড করে দেয়। এতে করে কয়েটি গরু হারিয়ে গিয়েছে এবং অনেকের টাকা পয়সা হারানো গেছে।
হাট ইাজারাদার মাইদুল ইসলাম জানান, পশুর হাট বসানোর ক্ষেত্রে কোন বিধি নিষেধ নেই। সে কারণে কোরবানির পশুরহাট বসানো হয়েছে। তারপরও কেন পশুর হাট বসানো যাবে না, সেই মর্মে হাইকোর্টের একটি লিগ্যাল নোটিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
এরপরও বেআইনি ভাবে পশুর হাট পণ্ড করে দেয় পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে পুলিশ কোরবানির পশুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করে। কিন্তু জনতা পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান করে এবং চারজন পুলিশ সদস্যকে আহত করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড শটগানের গুলি চালায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, মজুমদার হাটের ইজারাদার কোরবানির পশুর হাট কেন বসাতে পারবেন না, সে মর্মে হাইকোর্ট একটি লিগ্যাল নোটিশ দিয়েছে। বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পিপির মতামতের জন্য পাঠিয়েছি। কিন্তু মতামত পাওয়ার আগেই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051