
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে উত্তরায় ৭৪টি গাছের চারা রোপনের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধন করা হয়েছে। গাছের চারাগুলো উত্তরা সেক্টর ১১ ও ১৩ এর চৌরাস্তা হতে ১২ নম্বর সেক্টরের ব্রিজ পর্যন্ত রাস্তাার মিডিয়ানে লাগানো হয়েছে। ‘পরম্পরা কানন’ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। এ উপলক্ষে সোনারগাঁ জনপথ রোডের, জমজম টাওয়ার সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য, মানুষের জন্য লাল সবুজের পতাকার জন্য সংগ্রাম করেছেন। তিনি একটি পতাকা দিয়ে গেছেন, স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা যদি তাঁকে ভালোবাসি তাহলে রাস্তুা, ফুটপাতের উপর যেখানে সেখানে গাড়ি পার্ক করতাম না; ফুটপাতে নির্মাণসামগ্রী রাখতাম না; অবৈধভাবে দখল করতাম না। তিনি আরো বলেন, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে রড সিমেন্ট রেখে দিব। আমি রাজনৈতিক দলের ছবি ব্যবহার করে এ সকল অবৈধ কাজ করবো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী যেমন পছন্দ করেন না, জাতির জনক বঙ্গবন্ধুও পছন্দ করতেন না।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিশ্বের যে প্রান্তেই গিয়েছি সেখানে আমাকে মানুষ অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা শেখ হাসিনা এত দ্রুত কিভাবে দেশকে পাল্টে দিলেন? এর চাবিকাঠি কী? কীভাবে এত দ্রুত উন্নয়ন করলেন? আমি একটি কথাই বলেছি, তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের রক্ত তাঁর ধমনীতে প্রবাহিত। তিনি দেশকে ভালবাসেন, জনগণকে ভালোবাসেন, এদেশের মাটি ও মানুষকে তিনি ভালোবাসেন। তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। বাংলাদেশের মানুষ এজন্য তাঁকে চার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। মন্ত্রী আরো বলেন, ১৯৮১ সালে তিনি যখন এলেন, বাংলাদেশ জেগে উঠলো। মানুষ বলে শেখের বেটি এসেছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবেনা। তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়িয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই বঙ্গবন্ধু কন্যাকে জনগণ বুকে আঁকড়ে ধরেছে, তাঁকে এগিয়ে নিয়েছে, তাঁর সাথে থাকবেন বলে উৎসাহ দিয়েছে।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই