রাজশাহীতে হত্যা মামলায় এক নারীসহ ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার বিশ্বাস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের বাদল মণ্ডল (৪৬), রাজশাহীর তানোর উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের বিমল সিংহ (৫০), বিমলের স্ত্রী অঞ্জলী রানী (৪৫) এবং তাদের ছেলে সুবোধ সিংহ (২৮)।
এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল সিংয়ের ছেলে প্রকাশ সিংকে (২০) হত্যার দায়ে তাদের এ দণ্ড দিয়েছেন আদালত।
নিহত প্রকাশ সিংহ দণ্ডপ্রাপ্ত আসামি বিমল সিংয়ের ছোট ভাইয়ের ছেলে। রাজশাহী শহরের একটি মিষ্টির দোকানের পরিবেশন কর্মী ছিলেন তিনি। ২০২১ সালের ২৯ এপ্রিল সকালে তানোরের বংশীধরপুর ব্রিজের কাছে প্রকাশের গলাকাটা লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।
প্রকাশকে হত্যার ঘটনায় নির্মল সিংহ ছেলে হত্যার অভিযোগে তানোর থানায় একটি মামলা করেন। এ মামলার এজাহারে বলা হয়- অঞ্জলী রানীর সঙ্গে বাদল মণ্ডলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তার চাচির সঙ্গে বাদল মণ্ডলের পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয়টি জেনে যায় প্রকাশ সিংহ। এতে তিনি প্রতিবাদ করেন। এরপর প্রকাশকে হত্যার হুমকি দিয়েছিল বাদল মণ্ডল। তাই পূর্বপরিকল্পনা করে তাকে হত্যা করা হয়।
পরে ছয় দিনের মধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করলে বিষয়টি তারা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা স্বীকারোক্তিতে বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজন মিলেই প্রকাশকে হত্যা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, চার আসামিই গ্রেফতার হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তিনজন কারাগারে ছিলেন। আর জামিনে ছিলেন অঞ্জলী রানী। রায় ঘোষণার সময় সবাই আদালতের কাঠগড়ায় ছিলেন। আসামিদের স্বীকারোক্তি এবং মামলার ২০ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051