পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দিন ঢাকার হাতিরঝিলে লেজার শোর আয়োজন করা হবে। এ ছাড়া জেলায় জেলায় উৎসবের আয়োজন করা হবে। পাশাপাশি আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ উপলক্ষে ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় ২৫ জুন থেকে পাঁচদিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে।
মূল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশে একযোগে দেখানোর ব্যবস্থা করতে গত ১ জুন সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে হাতিরঝিলে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর পাশাপাশি লেজার শোর আয়োজন করা হবে। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠান করতে বলা হয়েছে। পরবর্তী দিনগুলোর অনুষ্ঠান হাতিরঝিল ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান বা অন্য কোনো সুবিধাজনক জায়গায় করা হতে পারে। অনুষ্ঠানমালায় পদ্মা সেতুকেন্দ্রিক ভিডিও দেখানোসহ বিভিন্ন আয়োজন থাকবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051