শরীয়তপুরের পদ্মা নদীর কাছিকাটা এলাকায় দুই স্পিডবোটের মধ্যে সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন।
শনিবার (৯ মার্চ) রাত ১১টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মোক্তার হোসেন নামে ওই যুবককে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে। তার বাবার নাম বাচ্চু মিয়া।
স্বজনরা জানান, নির্বাচনী কাজ শেষে দুটি স্পিডবোট সখিপুরে যাচ্ছিল। কিন্তু রাত হওয়ার কারণে জেলেদের টর্চ লাইটের আলোতে স্পিডবোট দুটি গতিপথ হারিয়ে ফেলে।
একপর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোক্তার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মারা যান মোক্তার হোসেন।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মারা গেছে।
এদিকে, চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন জানান, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন তিনি। একই সঙ্গে স্বজনদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051