ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি জানিয়েছেন, আগামী বছর নির্ধারিত মেয়াদ শেষ হলে তিনি আর পুনঃনিয়োগ চাইবেন না। তাঁর এই সিদ্ধান্তে গ্রুপটির শীর্ষ নেতৃত্বে নতুন সংকট তৈরি হলো।
টাটা সানস হলো- ভারতের আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা মোটরসসহ একাধিক খ্যাতনামা কোম্পানির মূল শেয়ারহোল্ডার। এর মধ্যে টাটা মোটরস যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভারের মালিকানায় আছে।
বর্তমানে ৬৩ বছর বয়সী চন্দ্রশেখরন জানান, তাঁর ভবিষ্যৎ নিয়ে পরিচালনা পর্ষদের পরিচালকেরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাই তিনি আগামী বছরের শুরুতে মেয়াদ শেষে পদত্যাগ করবেন। বিষয়টি ইতোমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন।
এক বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, পরিচালনা পর্ষদে তাঁর পুনঃনিয়োগের বিষয়টি প্রথম আলোচনার আসার পর ছয় মাস পার হয়ে গেছে। কিন্তু এখনও সিদ্ধান্ত বা সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে, ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি যখন তাঁর মেয়াদ শেষ হবে, তখন আর পুনঃনিয়োগের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
কয়েকটি কোম্পানির লোকসানসহ নানা বিষয়ে গ্রুপটির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে মতভেদ আছে। এর জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে চন্দ্রশেখরনের পুনঃনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, একাধিক বড় প্রকল্পের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে আছে। তাই নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল।
চন্দ্রশেখরন বলেন, টাটা সানস অত্যন্ত বৃহৎ প্রতিষ্ঠান। বর্তমানে তারা অনেকগুলো কৌশলগত প্রকল্পের কাজ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপে আছে। এ অবস্থায় বিনিয়োগকারী, অংশীদার, কর্মী এবং অংশীজনদের কাছে নেতৃত্বের স্পষ্টতা অত্যন্ত জরুরি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051