
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামের পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসার ছাত্ররা। এতে মাদরাসা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে আওয়ামী লীগ ও যুবলীগের ১৩ জন কর্মী, শিক্ষার্থী পথচারীসহ অন্তত ৫০জন আহত হয়েছেন।
এসময় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে, সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোতাহররুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল সমাবেশের কাছাকাছি পৌঁছালে শুরু হয় সংঘর্ষ ও গুলি।
এসময় সমাবেশ স্থান থেকে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপিকে পার্শ্ববর্তী নিউরন প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিলে সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যাপক হামলা ভাঙচুর তাণ্ডব চালায়। এতে হাসপাতালটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১৬টি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। উপজেলা গেটের সম্মুখে স্থানীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষুব্ধরা এমপির বহুতল ভবনের একটি বেসরকারি ব্যাংক ও বেসরকারি হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। আওয়ামী লীগের সমাবেশ স্থলে রাখা দুই শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, হেফাজত, জামায়াত-শিবির ও বিএনপির স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে পটিয়ায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা পটিয়া ও শান্তির হাট এলাকায় প্রতিবাদ সমাবেশ করেছি।
হামলায় গুলিবিদ্ধ হয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সন্তোষ বড়য়া (৭৫), মাদরাসা ছাত্র আতিকুল ইসলাম (২৩), আবদুল্লাহ মাহমুদ (২২), ওসমান (২০), পথচারী বোরহান (২৮), জালাল (৫৫), আরাফাত (২৫)সহ আরো অন্তত ২০ জন।
এছাড়াও ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। পটিয়া মাদরাসার ছাত্ররা থানা ভবন ঘেরাও করে। তবে থানার প্রধান ফটক বন্ধ থাকায় আন্দোলনকারীরা থানা ভবনে ঢুকত পারেনি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুচিতা দেব বলেন, দুপুরে হাসপাতালে আসা আহত দুইজনের শরীর থেকে বুলেট বের করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, পুলিশের নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ রাখা হয়। এতে পুলিশ কাউকে বাধা দেয়নি।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।