উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে এক অঙ্কে। কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও উত্তরে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত।
মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে।
শীত এলেই বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জনপদে। এখন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা ও শীতের তীব্রতা অনুভূত বেশি হচ্ছে।
এ ছাড়া রাত গভীর হলে কুয়াশা ঘনত্ব বাড়ে এবং ঠাণ্ডা বাতাস বইতে থাকে। সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথ-ঘাট।
এদিকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। ঘটছে দুর্ঘটনাও।
শীতের তীব্রতা বাড়ায় কষ্ট বেড়েছে জেলার নিম্নআয়ের মানুষের। জীবিকার তাগিদে শীতের মধ্যেই কাজে বের হতে হচ্ছে তাদের। অনেকেই প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051