আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারা একটিমাত্র ডাকের অপেক্ষায় ছিলেন এর প্রতিবাদ করার জন্য। কিন্তু সেই ডাক বা আহ্বান তাঁরা পাননি।’
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত গতকাল রোববার রাতে এক ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী। আলোচনার বিষয় ছিল—‘সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগী কারা?’
এ সময় আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বিনা ভোটে প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা নন, সেটা তাঁর কাজেই প্রমাণিত হয়েছে।’
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হলে, সে কমিশন যে মতামত দেবে, তা ইতিহাসে গুরুত্ব পাবে। সেজন্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে তার মাধ্যমে আজকের কথাগুলো ‘ফরমালাইজড’ করে নতুন প্রজন্মের জন্য রেখে যেতে হবে।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051