অর্থ আত্মসাতের ঘটনায় নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ এপ্রিল) দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নিই।’
এর আগে, শনিবার (২৪ এপ্রিল) দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল নড়াইল স্পেশাল জজ আদালতে মামলাটি করেন।
১৪ এপ্রিল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুর শাকুর নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’
এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক টাকা আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ করেছেন। আমরা অভিযোগটিকে জিডি হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়েছি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত হাসপাতালের ইউজার ফি’র (রোগী ভর্তি ফি, ওটি চার্জ, চিকিৎসা ফি, প্যাথলজি, অ্যাম্বুলেন্স, কেবিন ফিসহ বিভিন্ন খাতের) ২১ মাসের ৭০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা না দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য সদর হাসপাতালের পাঁচ চিকিৎসককে সদস্য করে ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটি ৪৮ লক্ষাধিক টাকা আত্মসাতের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে।
নড়াইল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আবু সেলিম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে যে ৪৩টি চালান প্রদর্শন করেন তার মধ্যে ৯টি চালান সঠিক এবং বাকি চালানের সিল ও স্বাক্ষর জাল। এসব চালানে ১৩ লাখ ১২ হাজার ৫২০ টাকা ব্যাংকে জমা পড়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে গত সোমবার লিখিতভাবে জানানো হয়েছে।’
এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য সচিব ডা. আ ফ ম মশিউর রহমান বাবু বলেন, ‘তদন্ত প্রতিবেদনে ৩৪টি জাল চালান এবং ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা লাকিকে দায়ী করা হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051