
ফের ব্যাটিং ঝলক দেখালেন সৌম্য সরকার। তার সঙ্গে ব্যাট হাসালেন লিটন দাসও। আর বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন নাহিদুল ইসলাম। ত্রয়ীর ব্যাটিং-বোলিং নৈপুণ্যে জয়ের পথেই রয়ে গেল গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার রাজশাহীকে ধরাশায়ী করল ৩৬ রানে।
সৌম্য-লিটনের দুরন্ত দুটি হাফ-সেঞ্চুরিতে চার উইকেটের বিনিময়ে ১৭৫ রানের লড়াকু পুঁজি করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতেই দুজনে গড়েন ১২২ রানের দাপুটে এক ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮ বলে ৩ বাউন্ডারি ও চার ছক্কায় সৌম্য ৬৩ এবং ৪৩ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৫ রান নিয়ে ফেরেন লিটন। শামসুর রহমান ৩০ রানে থেকে যান অপরাজিত।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি রাজশাহী। নাহিদুল ইসলাম ও জিয়াউর রহমানদের বোলিং তোপে কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। নুরুল হাসান ২৮ ও মেহেদি হাসান ২৬ রান সংগ্রহ করেন। এদের চেয়ে বড় কোনো ইনিংসই খেলতে পারেননি কেউ। ম্যাচ সেরা চট্টগ্রামের নাহিদুল ৩ উইকেট এবং মেহেদি ২টি উইকেট শিকার করেন।
ভিন্নবার্তা/এমএসআই