আমন্ত্রণমূলক ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টা ১০ মিনিটে নেপাল পৌঁছায় দল।
বাংলাদেশ দল কাঠমান্ডুর সোলটি ক্রাউন প্লাজা হোটেলে উঠেছে। শুক্রবার স্থানীয় আর্মি গ্রাউন্ডে অনুশীলন করবে জেমি ডের শীর্ষরা।
স্বাগতিক নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক দল নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াবে ২৩ মার্চ। উদ্বোধনী দিনেই কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।
২৩ থেকে ২৯ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্ট। লিগ ভিত্তিক এই আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর সেরা দুটি দল নিয়ে হবে ফাইনাল।
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে। এর আগে ২৫ মার্চ নেপাল খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। আসরের ফাইনাল ২৯ মার্চ।
নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে স্বস্তি-অস্বস্তি দুটোই যোগ হয়েছে বাংলাদেশ দলে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় উইঙ্গার রাকিব হোসেনের নেপাল সফর পড়ে গিয়েছিল শঙ্কায়। মঙ্গলবার পজিটিভ রিপোর্ট পান তিনি। তবে নিশ্চিত হতে বুধবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান। যার ফল নেগেটিভ এসেছে। তাই এদিন দলের সঙ্গে নেপাল উড়ে গেছেন তিনি।
কিন্তু রাকিবকে পাওয়া যদি স্বস্তি হয় তবে অস্বস্তি- নেপালের যাওয়ার আগে রুটিন পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে ডিফেন্ডার রহমত মিয়ার। তাই এদিন দলের সঙ্গে নেপালগামী বিমান ধরতে পারেননি তিনি।
অবশ্য রহমতকে পাওয়ার আশা ছাড়ছে না দল। এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, শনিবার ফের করোনা পরীক্ষা করা হবে তার। নেগেটিভ ফল এলে সোমবার নেপালের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
এদিকে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা জামাল ভূঁইয়াও পরে যোগ দেবেন দলের সঙ্গে। জাতীয় দলের ব্যস্ততার জন্য এরই মধ্যে ক্লাব ছেড়ে দিয়েছে তাকে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051