নেত্রকোনা জেলা শহরের পাইকারী বাজারে রোববার রাত থেকে পেয়াজ উধাও হয়ে গেছে। ওইদিন সকালে ১১০/১২০ টাকা কেজি ধরে বিক্রি হলেও বিকেলে ২০০ টাকা কেজি বিক্রি হয়। সন্ধ্যায় মেছুয়া বাজার পাইকারী আরত সুপার মার্কেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযানে যাওয়ায় সোমবার সকাল থেকে বাজারের আড়ত থেকে পেয়াজ উধাও হয়ে যায়।
একাধিক ক্রেতা জানান, নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার, মেছুয়া বাজার, রংয়ের বাজারের রোববার সকাল পর্যন্ত দেশী পেয়াজ প্রতি কেজি ১১০ টাকা থেকে ১২০টাকা ও ভারতীয় পেয়াজ ১০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল। হঠাৎ করে রোববার বিকেলে প্রতি কেজি পেয়াজ বিক্রি শুরু হয় ২০০ টাকা কেজি ধরে।
এরই মধ্যে সন্ধ্যের দিকে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট যান বাজার তদারকিতে। ম্যাজিস্ট্রেট এসেছে শুনে বিক্রেতারা ফের ১১০ টাকা থেকে ১২০ টাকা দরে পেয়াজ বিক্রি শুরু করে। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরই বাজার থেকে পেয়াজ উধাও হয়ে যায়। এ ছাড়া সোমবার শহরের বিভিন্ন বাজারে খুচরা দোকানে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি করা হয়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা গেছে।
নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকার শফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় আমরা সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছি। সকালে ১০০ টাকা বিকেলে ২০০ টাকা করে বিক্রি হয়। ম্যাজিস্ট্রেট এসেছে শুনে আবার ২০০ থেকে ১২০টাকা। কি এক খেলা শুরু হয়েছে। নেত্রকোনা সুপার মার্কেটের আড়তদার লিটন বলেন, পেয়াজের আমদানী নাই। আমরা কি করতে পারি। বাজার যখন যেমন থাকে তেমনই বিক্রি করতে হয়।
নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার, জয়ের বাজার, বড় বাজার সুপার মার্কেটে কাঁচা মালের আরতের দোকান সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে,দোকানে দেশী পেয়াজ বেশী একটা নেই। কয়েকটি দোকানে সামান্য ভারতীয় পেয়াজ আছে। সেই পেয়াজ কেনার জন্য ক্রেতাদের ভীড় দেখা গেছে। জেলা শহরের সুপার মার্কেটে পাইকারী দোকানে আলু- রসুন, কাঁচা মরিচ ও অন্যান্য তরকারি থাকলেও পেয়াজ নেই।
এ বিষয়ে,নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান,বাজারে পেয়াজের দাম বাড়ার বিষয়টি আমাদের জানা আছে। তবে রোববার রাত থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবারো দাম বাড়ালে বাজার নিয়ন্ত্রনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051