নেত্রকোনায় দিন দিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। জুন মাসের শুরু থেকেই পূর্বের তুলনায় এ জেলায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় গত ১৫ দিনে জেলার বিভিন্ন উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুসহ ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং জেলায় এবারই প্রথম কম বয়সের কোনো শিশু করোনা আক্রান্ত হয়েছে।
এছাড়া জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১০৩ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ২৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮৪ শতাংশ।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নেত্রকোনায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় স্বাস্থ্য বিভাগের ২ জন ও এলজিইডি’র ১ জনসহ ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে ৪ বছরের করোনায় সনাক্ত শিশুটির বাড়ি জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে।
এ ছাড়া ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ জনের মধে নেত্রকোনা সদর উপজেলায়্য ছয়জন,কলমাকান্দায় দুইজন,কেন্দুয়া উপজেলার বাসিন্দা একজন,দূর্গাপুর উপজেলায় একজন,বারহাট্রা উপজেলায় দুইজন। সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, করোনা-আক্রান্ত শিশুটিকে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের তত্ত¡াবধানে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো।
তিনি আরো জানান, গত ১৫ দিনে জেলায় ৮২ জন করোনা শনাক্ত হয়েছেন। জুন মাসের শুরু থেকেই বেড়ে চলেছে করোনা শনাক্তের সংখ্যা। এ অবস্থায় নিজেদের যেমন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তেমনি শিশুদের প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো করোনা রোগী থাকলে তার কাছে যেন কোনো অবস্থাতেই শিশুরা যেতে না পারে তা নিশ্চিত করতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ জনসমাগমস্থল বাজার, দোকানপাটে কেনাকাটার জন্য শিশুদের নেয়া যাবে না। স্বাস্থ্যবিধি শিশুদেরও মানাতে হবে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় বর্তমানে ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিরা সবাই বাড়িতে আছেন। আক্রান্তদের সবারই শারীরিক অবস্থা ভালো।
করোনা সংক্রমন বৃদ্ধির ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন,জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দা ও দূর্গাপুর এলাকায় দিয়ে মানুষের প্রবেশের ব্যাপারে বিজিবি’র কঠোর নজরদারী রয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কাজ করা করা হচ্ছে। করোনায় আক্রান্ত রোগীর খবর পাওয়া গেলে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বেশি বেড়ে গেলে লকডাউন দেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051