
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জাতির পিতা চেয়েছিলেন ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করবে এটাই সবার প্রত্যাশা।
খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘বড় দিন’ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলণ কক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্ববী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান শুভেচ্ছা বিনিময়কালে এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, শান্তি, সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভাতৃত্ববোধ এ সব মানবিক আচরণই ধর্মীয় মূল্যবোধ। সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। যিশুও মানব মুক্তির জয়গান গেয়েছেন।
বড় দিন উপলক্ষ্যে স্বাধীনতাত্তোর এই প্রথম নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মিশন ও গির্জারসহ ধর্মীয় প্রতিষ্ঠানের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বড়দিনের কেক কাটা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বড় দিনের উৎসব পালনের আহবান জানান।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইমসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আনসার ভিডিপি কমাড্যান্ট জিয়াউল হাসান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কলমাকান্দার বালুচড়া ধর্ম পল্লীর ফাদার যোশেফ চিচিম, গারো নেতা সুজয় মানখিন, চীরঞ্জীব বনোয়ারি, পাভেল কস্তা প্রমুখ।
বড় দিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যে ২৭ লাখ ৪৩ হাজার ২ শত ৯৬ টাকার বিশেষ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এরই মধ্যে দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্থিক সহায়তার চেক প্রতিটি গীর্জার ফাদারদের মাঝে হস্তান্তর করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস