নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর থানার মোড় এলাকায় ওই ব্যবসায়ীর নিজ দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকান রয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের মধ্যে গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এই ঘটনায় দোষীকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051