
নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগেই আগুনে উপজেলা চেয়ারম্যান মাঈনুল হকের কক্ষের সবকিছু পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চেয়ারম্যান মাঈনুল হক দাপ্তরিক কাজ শেষ করে কার্যালয় সংলগ্ন বাসভবনে ফেরেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার গাড়িচালক ফোন করে জানান, কার্যালয়ে বসার কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এসে দেখেন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছাড়াও প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হক কাসেম বলেন, আগুনে দুটি এসি মেশিন, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি টিভি, সিসি ক্যামেরার ডিবি বক্সসহ মনিটর, চারটি দেয়াল ফ্যান, শতাধিক বই, একটি উন্নত মানের চেয়ার, কিছু দামি শোপিস, দুটি ডিজিটাল ঘড়ি, একটি ৬ এস প্লাস আইফোন ও ল্যান্ডফোন সেট পুড়ে গেছে।
তিনি আরো জানান,সম্প্রতি আট লাখ টাকা খরচ করে অফিস কক্ষে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয়েছিল। আগুনে সেসব নষ্ট হয়ে গেছে।
বারহাট্রা থানার ওসি তদন্ত মোঃ এনামুল হক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বলেন,বৈদ্যুতিক সটসারকিট থেকেই আগুণের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কমকর্র্তা মোঃ গোলাম মোরশেদ জানান,শুক্রবার ঘটনা তদন্তে আমাকে প্রধান করে ওসি তদন্ত,উপজেলা প্রকৌশলী,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই জনকেসহ পাচঁ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই