
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়,উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধাঁ দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাট্টা কাচারি মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা বাহিনী ও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কাচারি মোড়ের দোকানপাট আংশিক বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি জমি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।