
নেত্রকোনা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ চারু ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে বাংলা বাজার থেকে আমতলা সমাজ সড়ক পর্যন্ত সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরে বাংলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে বাজারের দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে ইউএনও মনিজা খাতুন বলেন, শুধু গাছ লাগানো বা চারা বিতরণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় গাছ লাগানোর পর সঠিকভাবে যত্ন না নেওয়ায় সেগুলো নষ্ট হয়ে যায়। তাই গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আয়োজকদের গাছ লাগানো ও বিতরণের পর নিয়মিত সেগুলোর খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গাছের পরিচর্যা সঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে গ্রাম পুলিশদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ৪ নম্বর সিংহের বাংলা ইউনিয়নের প্রশাসক মো. আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নেত্রকোনা চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলা বাজার ও আশপাশের এলাকাকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলাই তাঁদের উদ্দেশ্য।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051