মাদকমুক্ত সমাজ চাই, খেলার জন্য মাঠ চাই এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় রাষ্ট্রিয় অর্থ লুটপাট ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য মানু মজুমদার ও তার শ্যালক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দার সচেতন নাগরিক, ছাত্র ও যুব সমাজের ব্যানারে উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইদ্রিস আলী তালুকদার, কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. আফতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহারিয়া হোসাইন মনির, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মো. ফাহিম, আমীর হামজা প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী সম্প্রতি জাতীয় সংসদে কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ নির্মানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর নিকট উত্থাপন করেন। উত্তরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ- ১ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুন মাসে ৪৯ লাখ ৫৬ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই সময়ের সাংসদ মানু মজুমদার ও তার শ্যালক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস মাঠে কোন দৃশ্যমান কাজ না করে টাকা লুটপাট করেছে। তারা এই অর্থ লুটপাটকারীদের শাস্তি দাবি করেন।
সাবেক ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহারিয়া হোসাইন মনির জানান, বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহি সংসদে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব রাখলে মন্ত্রী মহোদয় বলেন ২০১৯ সালে এটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান ।
কিন্তু দৃশ্যত কোন স্টেডিয়াম আছে কি না তা কেউ বুঝতেই পারবে না। মাঠের পশ্চিম পাশে একটি ভবন নির্মাণ করা হলেও তা উদ্বোধনের পূর্বেই ধসে পড়ে।
এ বিষয়ে জানতে সাবেক সাংসদ সদস্য মানু মজুমদার বলেন,ভুল তথ্য লিখে এবং মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিথ্যা বক্তব্য দিয়েছে। আমি সংসদ সদস্য থাকা অবস্থায় কলমাকান্দায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ নির্মানের কাজ করা হয় নাই। এর আগেই প্রকল্প ধরা হয়েছিল।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051