
নেত্রকোনা প্রতিনিধি: আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার দুপুরে জেলা শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা শহরের বিএনপি কার্যালয় থেকে জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন, সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন, জেলা শ্রমিকদল নেতা মো. সামছুল আলম, মো. আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।