নেত্রকোনা জেলা শহরের শাহ্ সুলতান সড়কে বিএনপি দলীয় আইনজীবিদের ওপর হামলা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জজ আদালতের সামনে কতিপয় যুবক হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে।
হামলায় আহতরা হলেন- জেলা আইনজীবি সমিতির সদস্য বিএনপি দলীয় অ্যডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন, অ্যাডভোকেট আল আমীন, অ্যাডভোকেট অঞ্জন সরকার, আইনজীবি সহকারী জীবন মিয়া।
বিএনপি সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর, কলমাকান্দা, নেত্রকোনা সদর, কেন্দুয়া, মদনসহ বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার রাতে বিএনপি দলীয় বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। ওই সমস্ত নেতাকর্মীদের স্বজনরা তাদের জামিনের জন্য পরামর্শ করতে শুক্রবার বিকেলে জেলা শহরের শাহ্ সুলতান সড়কে আইনজীবিদের চেম্বারে যান। এ সময় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকনের চেম্বারের সামনে ও সড়কে ১০- ১২জন যুবক রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে আইনজীবিদের ওপর হামলা চালায় এবং মারধর করে। এতে চারজন আইনজীবি ও একজন আইনজীবি সহকারী আহত হন। এর মধ্যে সিরাজুল ইসলাম খোকন গুরুতর আহত হন। তাকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের বাসায় চিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হয়। বিএনপির দাবি কেন্দ্রীয় বিএনপির ডাকে শনিবার তাদের সমাবেশ। ওই সমাবেশকে বানচাল করতে দলীয় নেতাকর্মীদের উপর সরকার দলীয় লোকজন হামলা এবং পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন বলেন, বিএনপির লোকজনের ওপর হামলার বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের লোকজন কারো ওপর হামলা করেনি।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক বলেন, শনিবার আমাদের সমাবেশ। সমাবেশকে বানচাল করতে সরকার দলীয় লোকজন আমাদের দলীয় লোকজন ও আইনজীবিদের ওপর হামলা চালিয়ে মারধর করছে। পুলিশ রাতের বেলায় দলীয় নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। এ সব করে আন্দোলন দমানো যাবে না।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, আইনজীবিদের উপর হামলার কথা শুনেন নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051