
নেত্রকোনার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরপাড়ের মল্লিকপুরসহ আশপাশের অন্তত ৫/৬টি গ্রামে পিছিয়েপড়া শিক্ষার্থীসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার দুপুরে শ্রী বিরেন্দ্র কিশোর শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তি ও উপকরণ বিতরণউপলক্ষে শ্রী বীরেন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে আলোচনসভায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লেখক আবু বকর সিদ্দিক, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, শিক্ষক সুস্থির সরকার, দিলাল মিয়া, হাফিজ উদ্দিন,প্রণব বিশ্বাস, ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব মজুমদার, সদস্য সচিব কৌশিক তালুকদারসহ অন্যরা।
সভায় আবু বকর সিদ্দিক বলেন, এই উদ্যোগ হাওরের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে। এভাবে সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান তারা। ১৯১৯ সাল থেকে মল্লিকপুর গ্রামে স্থাপিত এই ফাউন্ডেশন হাওরপাড়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান চালু করে।
হাওরাঞ্চলে থাকা জমির আবাদ থেকে আসা আয়ের অর্থে চলে “শ্রী বিরেন্দ্র কিশোর শিক্ষা ফাউন্ডেশন” জানিয়ে ফাউন্ডেশনটির সভাপতি বিপ্লব মজুমদার বলেন, এবছর ৭৪ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। গত বছরের চেয়ে এ বছর বেশি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,আগামী বছর বৃত্তি ও উপকরণ দেয়ার সংখ্যাটা বাড়ানোর আশা রাখছি ।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ প্রদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় পরিবারের চিকিৎসা সাহায্য,গ্রাম উন্নয়নমুলক কাজে অংশ গ্রহণ,খেলাধুলাসহ মানবতার কল্যাণে এই ফাউন্ডেশন কাজ করবে।
ভিন্নবার্তা/এমএসআই