নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান শাহ মান্নু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সখের বাজার রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাবেক চেয়ারম্যান মান্নু মোটরসাইকেল যোগে শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। বিকেল ৫টায় কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুন নবী বলেন, অজ্ঞাত ট্রাক্টরের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত চেয়ারম্যান মান্নু উক্ত ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে শুক্রবার সকাল ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, আসাদুজ্জামান নূর এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সৈয়দপুর উপজেলা আওয়ামীলগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সিসি নিউজের সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051