চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মো. সাগর হোসেন (২৪)।
প্রত্যক্ষদর্শী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে চাটখিল যাওয়ার পথে শাহরাস্তির পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ওই গাড়ির গ্লাস বন্ধ থাকায় ভেতরের কেউ বের হতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিস দলের সহযোগিতায় গাড়ির কাচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও তারা কেউ জীবিত ছিলেন না।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, নিহতদের লাশ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051