র্যাব এবং এর সাবেক-বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দুজন আইন প্রণেতার সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কংগ্রেসের সহযোগিতা কামনা করেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন গত ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং ও ১ মার্চ টমাস ল্যান্টোস মানবাধিকার কমিশনের সহসভাপতি কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভার্নের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন মার্কিন আইন প্রণেতাদের বলেন, র্যাব সদস্যদের বিরূদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মোকাবেলায় বাংলাদেশ সব সময় প্রস্তুত আছে।
পররাষ্ট্রমন্ত্রী দুই মার্কিন আইন প্রণেতাকে বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে র্যাব সবচেয়ে দক্ষ আইন প্রয়োগকারী বাহিনী হয়ে উঠেছে। এটি সন্ত্রাস, সহিংস উগ্রবাদ, মাদক, মানবপাচার ও আন্ত দেশীয় অন্যান্য অপরাধ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে।
পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই আইন প্রণেতারা কী বলেছেন তা বাংলাদেশ দূতাবাস জানায়নি। কোভিড প্রটোকলের কারণে বৈঠকগুলো ভার্চুয়ালি হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জোরালো মানবিক ও রাজনৈতিক সমর্থন ও কভিড টিকা পাঠানোর বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। রাখাইন রাজ্যে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টি এবং আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর সম্ভাব্য সব ধরনের চাপ সৃষ্টি করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আইন প্রণেতাদের অনুরোধ জানান। মার্কিন আইন প্রণেতারা বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মহানুভবতার প্রশংসা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাওয়ারও আশ্বাস দেন তাঁরা।
পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারি আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051