ভিন্নবার্তা প্রতিবেদক: উন্নয়ন প্রকল্প, খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি দূরী করতে সড়ক খনন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার বিকল্প নেই। নির্মাণ অব্যবস্থাপনায় দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া ও অযোগ্য ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা জরুরী হয়ে পড়ছে।
মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উদ্যোগে, সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর পক্ষ থেকে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বস্তিবাসীদের ভাড়াভিত্তিক ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মানসম্মত আবাসন নিশ্চিত করতে স্বল্প আয়ের লোকদের আবাসন প্রকল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও ডেভেলপারদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
উপজেলা পর্যায়ে পরিকল্পনাবিদ নিয়োগের মাধ্যমে যে কোন অবকাঠামো নির্মাণ করার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেল এর উদ্বোধন বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য মাইলফলক যা নগরের যানজট নিরসনে মেট্রোরেল ভূমিকা রাখতে পারবে; পাশাপাশি বাস সার্ভিস উন্নতকরণ, গণপরিবহনকে প্রাধান্য দেয়া, ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিতকরণ, পদচারীদের প্রাধান্য দিয়ে পরিবহন পরিকল্পনা প্রণয়ন ও নগর পরিকল্পনা সাজানো মেট্রোরেলের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান আলোচ্য বিষয়সমূহের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপস্থাপিত প্রবন্ধে বিআইপির পক্ষ থেকে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প, খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি রোধে সড়ক খনন নীতিমালা থাকলেও সেটা উপেক্ষিত। নীতিমালায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খননকাজ পরিহার করার কথা উল্লেখ থাকলেও সেটা মানা হচ্ছে না। এক্ষেত্রে আন্তঃসংস্থা সমন্বয় নেই, সিটি কর্পোরেশনের কাছে বার্ষিক কর্মপরিকল্পনা প্রদানের কথা বলা থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না।
জনভোগান্তি কমাতে এলাকাভিত্তিক কমিউনিটি গ্রুপের সাথে সেবা সংস্থার আলোচনা ও করণীয় নির্ধারণ, সড়ক খনন নীতিমালা যথাযথভাবে অনুসরণ, নীতিমালা অনুযায়ী ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি ‘মনিটরিং সেল’ কার্যকর করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ড.আদিল সরকারের ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের উদ্দ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এই প্রকল্পের সুনির্দিষ্ট কিছু অসংগতির চিত্র তুলে ধরে এক্ষেত্রে পরিকল্পনাগত বিশ্লেষণের মাধ্যমে জমি নির্ধারণ ও প্রকল্প গ্রহণ, পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলীদের সম্পৃক্তকরা সহ নানাবিধ করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051