ঢাকার ধামরাইয়ে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষাণার পর সহিংসতায় ২ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরাজিত মেম্বার প্রার্থীর বাড়ি ও বিজয়ী চেয়ারম্যানের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ হামলা ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈ, সুয়াপুর ইউনিয়নের কুরঙ্গীরচর, গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া ও চৌহাট ইউনিয়নের চরপাড়া গ্রামে।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর রাত ১০টার দিকে বরাকৈর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হামলা চালিয়ে আপন দুই ভাই রাতুল আহাম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যা এবং অর্ণব আহাম্মেদকে (২৫) গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। হতাহতরা বরাকৈর গ্রামের হাজি মো. আব্দুর রশিদের ছেলে।
এছাড়া উপজেলার সুয়াপুর ইউনিয়নে দুই মেম্বারের জয়-পরাজয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. নাসিম উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে ধামরাই থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, হামলাকারীরা রাতুল ও তার ভাই অর্ণবকে কুপিয়ে জখম করে। রাতুল ঘটনাস্থলেই মারা যায়। তার ভাই অর্ণবকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলার সুয়াপুর ইউনিয়নে দুই মেম্বারের জয়-পরাজয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. নাসিম উদ্দিন মোল্লা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ধামরাই থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051